নিজস্ব প্রতিবেদক :
দেশের শিল্প–বাণিজ্য ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী। গত বুধবার রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে আয়োজিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’-এ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সালাউদ্দিন চৌধুরী ও তাঁর পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সহকারী শেখ মঈনুদ্দিন এবং এনআরবি গ্লোবাল কনভেনশনের পরিচালক এনাম উদ্দিন এনাম।
প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ প্রদান এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে এই কনভেনশনের আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সালাউদ্দিন চৌধুরীর পাশাপাশি আরও কয়েকটি দেশি ও আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে সালাউদ্দিন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে টেকসই ও সুরক্ষিত রাখতে ব্যবসায়ীদের জন্য যে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে, তার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আমি কৃতজ্ঞ। এ ধরনের স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, সালাউদ্দিন চৌধুরী বর্তমানে জাতীয় মানবাধিকার সংগঠন ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিণী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী মাকসুদা চৌধুরী মিশা একই সংগঠনের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।