স্টাফ রিপোর্টার :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড় এলাকায় অবস্থিত লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
শহর জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিরিবিলি পরিবেশে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবার নিয়ে এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে মহিলাদের বালিশ খেলা ও মিউজিক চেয়ার, শিশুদের হাড়িভাঙা খেলা এবং সবার জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, প্রচার সম্পাদক রতন ইনতেসার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল হক জামিল, সমাজকল্যাণ সম্পাদক আলমাছ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যরা এবং তাঁদের পরিবারের সদস্যরা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।