গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের জন্য ভোটার ও স্থানীয় জনগণকে উৎসাহিত করতে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ বাবুর্চি মোড়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বিকালে সভার আয়োজন করেন কোনাবাড়ীর সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের মনোনীত সংসদ প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
সভায় বক্তারা স্থানীয় ও জাতীয় ইস্যুতে বক্তব্য প্রদান করেন এবং জনগণকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেন।
এ সময় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না। যারা বিএনপির আদর্শের রাজনীতি করার সময় ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের পাশে থাকব। আগামী ১২ তারিখ ভোটের দিনে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অংশগ্রহণ করার আহ্বান জানাই। যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, গার্মেন্টস ও জুট ব্যবসার অবস্থা উন্নতি পাবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ভালো ব্যবসা করতে পারবেন।