গাজীপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের হাতে ফুল দিয়ে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির একাধিক নেতা ও কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর টিএনটি এলাকার ৪৭ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান এবং সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন ভাট।
এ সময় টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জানে আলম টিপু, সহ-সভাপতি মো. জুলহাস উদ্দীনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আগত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।