গাজীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো. ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকলের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন। তিনি তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা নির্বাচন অফিসার, সিভিল সার্জন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসংস্থার কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।