স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন গণমিছিল। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থনে আয়োজিত এই বিশাল কর্মসূচিতে জনস্রোতে কার্যত স্থবির হয়ে পড়ে পুরো উপজেলা শহর। কয়েক কিলোমিটার দীর্ঘ মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার বিকেলে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাত বিন জামান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ আর দমন-পীড়নের রাজনীতি মেনে নিতে চায় না। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, জনগণের এই উত্তাল অংশগ্রহণ স্পষ্ট করে দিচ্ছে পরিবর্তনের সময় এসেছে। মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
সমাবেশ শেষে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আয়োজকদের দাবি, প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে এই গণমিছিল বকশীগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ রাজনৈতিক জমায়েত হিসেবে বিবেচিত হবে।
সাধারণ ভোটারদের মতে, দীর্ঘদিন পর এমন বিশাল জনসমাগম এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এদিকে মিছিল চলাকালীন শহরের প্রধান এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।