স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নিরঙ্কুশ বিজয়ের পেছনে তৃণমূলের নেতাকর্মীদের ধারাবাহিক তৎপরতা ছিল উল্লেখযোগ্য। এই প্রচারণায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন।
নির্বাচনের আগে থেকেই তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক পরিচালনা করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। প্রচারণা সমন্বয়, কর্মীদের সক্রিয় রাখা এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতিতে তার উপস্থিতি ছিল নিয়মিত।
ভোটের দিন সকালে কিরণ ৫৭ নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে কেন্দ্রের বাইরে ভোটারদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দিনভর তিনি বিভিন্ন কেন্দ্র ও এলাকা পরিদর্শন করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। তার ভাষায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান ভিত্তি।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিজয়ের পর নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হলেও শৃঙ্খলা বজায় রাখা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।