বিশেষ প্রতিনিধি |
গাজীপুরের মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ডে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রভাবশালী আহ্বায়ক সদস্য ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীমের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ সোমবার হাজী মাজার এলাকা, সান্ডার পাড়া, টঙ্গী বাজার ও টঙ্গী বড় মসজিদ এলাকায় মশা নিধন ওষুধ ছিটানো হয়।
সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।
বি এম শামীম বলেন, এটি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, মানুষের কষ্ট লাঘবের একটি ছোট উদ্যোগ। মশার কারণে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। সেই দায়বদ্ধতা থেকেই এই কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ, ভালো কাজ সবসময় চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তারা। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এমন উদ্যোগ এলাকাবাসীর জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সাবেক নেতা ব্যক্তিগত পর্যায়ে সামাজিক কার্যক্রমে যুক্ত থাকলেও এলাকায় জনস্বার্থমূলক উদ্যোগে তার সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি টঙ্গী এলাকার জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন-এর নিয়মিত কার্যক্রমের বাইরেও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।