গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি কয়েক দিনের মধ্যেই ফাটল ধরে ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কাশিমপুর এলাকায় তুরাগ নদীর পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিং কাজ বাস্তবায়নের জন্য দুটি প্যাকেজের আওতায় প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে প্যাকেজ নম্বর–১২-এর অধীনে ১ হাজার ১৫০ মিটার সড়ক নির্মাণের প্রাক্কলিত ব্যয় ছিল ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে কার্যাদেশ দেওয়া হয় আরও বেশি দামে, মোট ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এছাড়া প্যাকেজ নম্বর–৫-এর আওতায় ১২ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। এখানেও প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। দুটি প্যাকেজের আওতায় ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১.৮ মিটার ফুটপাত ও রেলিংসহ গার্ড ওয়াল নির্মাণের কথা ছিল।
সরেজমিনে দেখা যায়, কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় সড়কটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকতেই হঠাৎ ফাটল দেখা দেয়। পরে একটি অংশ প্রায় কয়েক ফুট নিচে ধসে পড়ে। স্থানীয়দের দাবি, ঢালাইয়ের মাত্র তিন দিনের মধ্যেই সড়কটি ভেঙে পড়ে, যা কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এলাকাবাসী জানান, নির্বাচনের আগেই তড়িঘড়ি করে রাস্তার কাজ শেষ করা হয়। প্রয়োজনীয় পরিমাণ ঢালাই দেওয়া হয়নি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তারা এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সিটি কর্পোরেশনের তথ্যমতে, প্রকল্পটির কাজ শুরু হয় ২০২১ সালের ১০ নভেম্বর এবং চলতি বছরের মার্চে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তড়িঘড়ি করে কাজ শেষ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে সড়কটি নির্মিত হওয়ায় এটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিকল্পনাগত ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ জানান, একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা বলেন, সড়কটি অনিয়মের কারণে নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণেই ধসে পড়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।