স্টাফ রিপোর্টার :
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুল স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানী হল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আল-হেলাল স্কুল স্কাউট গ্রুপের প্রেসিডেন্ট ও স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এবং স্কাউট গ্রুপ লিডার ও সহকারী শিক্ষক শাওন আহমদ জয়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের জেনারেল সেক্রেটারি ও উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট ও এডভাইজার আমিরুল আহসান হেলাল, জয়েন্ট সেক্রেটারি ও স্কুলের এক্সাম কন্ট্রোলার মাওলানা আল আমিন।
এ ছাড়া গ্রুপ লিডার ও স্কুলের টিচার্স ইনচার্জ মোর্শেদা পারভীন, গ্রুপের ট্রেজারার ও সহকারী শিক্ষক আব্দুল হান্নানসহ স্কাউট গ্রুপের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে স্কাউট সদস্যদের জন্য শাটল বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, কেন্দ্রীয় লাইব্রেরি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখার আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় ক্যাম্প ফায়ার প্রোগ্রাম, নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও বেস্ট স্কাউট নির্বাচিতদের মাঝে ক্রেস্ট প্রদান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।