স্টাফ রিপোর্টার :
গাজীপুরে সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বলেন, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সাংবাদিক বাচ্চুর ওপর হামলা চালায়। হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হত্যার উদ্দেশ্যে চালানো এ হামলাকে তারা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তকরণ এবং আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন মোঃ জাকির হোসেন, মোঃ রাজু আহমেদ, লায়ন শাহাদাত হোসেন শাহীন, এ কে এম আজিজুল হক,সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, কামাল খানসহ অন্যান্য নেতাকর্মী ও সংবাদকর্মীরা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে এবং প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।