স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের অংশগ্রহণে গাজীপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে অবস্থিত আর্মি ক্যাম্পে আয়োজিত এ সভায় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত থেকে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সভায় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য, নিরপেক্ষতা এবং জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
পরিদর্শনের অংশ হিসেবে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিন বাহিনী প্রধান। এ সময় তারা প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ ছাড়া গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।