স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাজীপুর হয়ে বগুড়া সফরকে ঘিরে প্রস্তুতি সভা করেছে গাজীপুর মহানগর যুবদল।
শনিবার (১৮ এপ্রিল) গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় যুবদলের নেতাকর্মীদের করণীয় নির্ধারণ করা হয়। সভায় সফরকে সফল করতে সাংগঠনিক তৎপরতা জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো.সাজেদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।
এছাড়া সভাটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বেলায়েত।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক জনসমাগম ঘটবে এবং এ উপলক্ষে যুবদল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা আশা প্রকাশ করেন, এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।