স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আমবাগ ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় পাশাপাশি কয়েকটি ঝুটের গোডাউন রয়েছে। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট রওনা হয় বলে জানা গেছে।
গোডাউনটির আশপাশে আরও কয়েকটি ঝুটের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এসব গুদামে বিপুল পরিমাণ ঝুট মজুত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।