স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে রাস্তার পাশে অবৈধভাবে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের সাতাইশ খৈরতুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা:সজীব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।
ডা: সজীব খান বলেন , ২০২৪ সালের ৫ আগস্টের পর ময়লা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ পরিবর্তনের পর জনবহুল এলাকায় ময়লার ডাম্পিং স্থাপন করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, টঙ্গী পশ্চিম থানার পাশের গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশের প্রায় এক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ডাম্পিং স্থানের সামনে মাছ ও সবজির আড়ৎ থাকায় জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
বক্তারা অবিলম্বে সড়কের পাশ থেকে ময়লার ডাম্পিং অপসারণ করে পরিকল্পিত স্থানে স্থানান্তরের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।