নিজস্ব প্রতিবেদক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুন্দর হস্তলিখন প্রতিযোগিতা এবং দুই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক। উদ্বোধনের আগে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তিনি শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভাষা ব্যবহার, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়াই আজকের দিনের মূল শিক্ষা।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক ও মননশীল নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বি সি চিলড্রেন পাবলিকেশনস-এর সহযোগিতায় আয়োজিত এ বইমেলায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।