স্টাফ রিপোর্টার :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি।
একুশের প্রথম প্রহরে টঙ্গী হাসপাতাল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রনি সরকার ও তাঁর অনুসারীরা। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে রনি সরকার বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার দীর্ঘ প্রায় ২৩ বছর ধরে কারাগারে বন্দী। আমরা বিশ্বাস করি, বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে। আমি বিচার বিভাগের কাছে আবেদন জানাই, আমাদের মামলাটি পুনর্বিবেচনার মাধ্যমে আমার নিরপরাধ বাবাকে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
তিনি আরও বলেন, শুধু আমার বাবা নন, যারা এখনো নির্দোষ হয়েও কারাগারে বন্দী আছেন, তাদেরও ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিয়ে বাংলার মাটিতে ফিরিয়ে আনা হোক।
এ সময় রনি সরকার ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।