নিজস্ব প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদের নেতৃত্বে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেয়েছি। একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি আমাদের গৌরব ও চেতনার দিন। এই দিবস নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার পাশাপাশি মাতৃভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল ও সচেতন হতে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে শেষ হয়।