স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার। সরকার রোববার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী প্রযোজ্য সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
এদিকে, সরকার কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়-এ উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।