স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার আজ বুধবার সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান উপলক্ষে তিনি নগর ভবন প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করেন।
এরপর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত প্রশাসক।
সভায় তিনি বলেন, গাজীপুর সিটিকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।
এ সময় তিনি তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার নির্দেশনা ও আস্থার ভিত্তিতেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সিটির কর্মকর্তা-কর্মচারীরা নগর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে নবনিযুক্ত প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মো. শওকত হোসেন সরকার বর্তমানে বিএনপি’র গাজীপুর মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।