স্টাফ রিপোর্টার :
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীণফোনের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ কভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর শালিকচুড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম কল্যাণময় দেবনাথ (৪৬)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানার সাইটতলা গ্রামের বাসিন্দা অমূল্য দেবনাথের ছেলে। পেশাগত জীবনে তিনি গ্রামীণফোন-এ হেড অব বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কভার্ড ভ্যান শালিকচুড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে কল্যাণময় দেবনাথ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কভার্ড ভ্যানের চালক ওমর আলী (৫৭)কে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের বাসিন্দা এবং মৃত রয়াত আলীর ছেলে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে ঘটনাস্থল থেকেই হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।