স্টাফ রিপোর্টার :
টঙ্গীতে ইফতারের আগমুহূর্তে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এ আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় মাসুদ রানার মালিকানাধীন বর্জিত তুলার গুদামেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় গুদামে কেউ আটকে পড়েনি বলে জানায় ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের কারণ জানা যাবে।