স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর সাতাইশ ধরপাড়া এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই।
সেই লক্ষ্যেই টঙ্গীতে প্রায় ৮ একর জমির ওপর প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এখানে শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের জন্য আবাসনের ব্যবস্থাও থাকবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে আরও কয়েকটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নামে ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষকদের জন্য আবাসিক ভবন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও প্রশিক্ষণার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হোসেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।