স্টাফ রিপোর্টার :
প্রবাসীদের জন্য বিমানবন্দরের সেবাকে আরও সহজ ও মানবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সভায় শুরুতে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় বেবিচকের ভূমিকা ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন এবং প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করেন। দ্রুত টার্মিনালটি জনসাধারণের ব্যবহারের জন্য চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনালও পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বিমানবন্দরের লাউঞ্জে দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের সেবার মান উন্নত করা এখন সময়ের দাবি। অনেক প্রবাসী বিমানবন্দরে এসে বিভিন্ন বিষয় বুঝতে না পেরে ভোগান্তির শিকার হন। তাই সেবার মান ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনার ওপর জোর দিতে হবে।
তিনি বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা দেখাতে হবে। সেবার মান নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শনও করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিমানবন্দরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং জোরদার করা এবং সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে সব পর্যায়ে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।