স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ৫৭ নং ওয়ার্ডবাসী এবং বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বাজারের সেনাকল্যাণ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী এবং রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, ছাত্রদল নেতা জাকারিয়া রিসাল,বি.এম আরিফ, রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সমাজে মাদকের বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, মাদক আমাদের সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় মাদক নির্মূলের দাবি জানান।