নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে একটি বিশেষভাবে প্রস্তুত বুলেটপ্রুফ বাস পৌঁছাতে দেখা যায়।
লাল ও সবুজ রঙে সজ্জিত বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—তারেক রহমানের দেওয়া স্লোগান “সবার আগে বাংলাদেশ”।
বাসটির জানালাসহ পুরো কাঠামো বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত করা হয়েছে। সিআইপি গেটে প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারায় থাকতে দেখা যায়।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বুলেটপ্রুফ বাসে করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি তার অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেবেন।
তিনি আরও জানান, হাসপাতালে যাওয়ার পথে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত জনসমাবেশে তারেক রহমান বক্তব্য দিতে পারেন। এ সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।