স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার বাগানবাড়ি রোডে মায়ের দোয়া রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশনের মালিক ব্যবসায়ী কামরুল ইসলামের অফিসের সামনে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মাইক্রোবাসে এসে কামরুল ইসলামকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অফিসে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক পৌনে আটটার দিকে সাতাইশ গুটিয়া হযরত শাহজালাল রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী এসে ব্যবসায়ী কামরুল ইসলামের অফিসের সামনে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় অফিসের গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী নান্টু জানান, দুইজন ব্যক্তি তাকে ডেকে গেটের পাশের একটি অন্ধকার স্থানে নিয়ে যায় এবং তার মালিক কামরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তাদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তিনি প্রতিবাদ করে বলেন, একজন সম্মানিত ব্যক্তির নাম নিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। এ সময় ওই দুই ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা আমাকে কেন খুঁজছে আমি জানি না। ঘটনার পর প্রশাসনের লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছেন। তিনি তার ও তার প্রতিষ্ঠানের নিরাপত্তা দাবি করেন।
এ বিষয়ে জানতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।