নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা নানি-নাতনি সম্পর্কের।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশন অতিক্রমের সময় অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অনাদি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।