স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে গ্লোবাল কিডস স্কুল।
অসহায় ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত এই স্কুলের উদ্যোগে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৫ মার্চ) দুপুরে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে পরিচালিত গ্লোবাল কিডস স্কুল প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মুহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় সার্বিক সহযোগিতা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সমাজসেবক রাশেদুল ইসলাম খান রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার টঙ্গী প্রতিনিধি মো. আরিফ চৌধুরী। এছাড়াও স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। সীমিত সামর্থ্যের মধ্যেও গ্লোবাল কিডস স্কুল যেভাবে পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং গ্লোবাল কিডস স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানান।