নতুন বাংলা অনলাইন ডেস্ক :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলতপাড়া এলাকায় এখন চোখে পড়ার মতো সবুজের সমারোহ। চারদিকে বিস্তীর্ণ মাঠজুড়ে বিভিন্ন ধরনের সবজি ও কৃষিপণ্যের চাষে এলাকাটি যেন এক সবুজ গ্রামে রূপ নিয়েছে।
অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিরলস পরিশ্রমে এ বছর লাউ, কুমড়া, শসা, বেগুন, মরিচসহ নানা জাতের সবজির ফলন হয়েছে আশাব্যঞ্জক। ক্ষেতজুড়ে সবুজ পাতার আচ্ছাদন ও ঝুলে থাকা সবজি এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে আরও মনোমুগ্ধকর।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব সবজি শুধু তাদের পারিবারিক চাহিদা পূরণই করছে না, বরং স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসছে।
এলাকাবাসীর মতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা পেলে ভবিষ্যতে এই অঞ্চলে সবজি চাষ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি গোয়ালগাঁও ফজিলতপাড়া একটি আদর্শ সবজি উৎপাদন এলাকায় পরিণত হতে পারে।