স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; নিজেদেরকে প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে যোগ্যতা ও আদর্শে গড়ে উঠতে হবে, কারণ তারাই আগামীর বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আল্লাহর রহমতে সেই লক্ষ্য ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিষ্ঠানের তিনজন সাবেক শিক্ষার্থী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, যা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। দ্বীন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
জামায়াত আমীর আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেধা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে আসছে, ভবিষ্যতে তারাই দেশকে নেতৃত্ব দেবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আ. হান্নান মাসুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।