স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উদ্যোগে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজীর মাজার বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামিদের কাছ থেকে ১টি চাপাতি ও ৬টি চাকু জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী এবং বাকিরা মাদক সেবনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নেতৃত্বে এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।