স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুরে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুরে তার নিজ বাসভবনের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত লোকজনের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উপহার পেয়ে অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
শওকত হোসেন সরকার বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।