জামালপুর প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে ফিরেছে দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি জানান, গ্যাস সংযোগ পুনরায় চালু হওয়ার পর প্রয়োজনীয় যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন করে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস কোম্পানি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে সেদিন থেকেই ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ২৩ মাস ৯ দিন পর গত ২৪ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় কারখানাটিতে গ্যাস সংযোগ প্রদান করে।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা প্রায় ১ হাজার ৭০০ টন। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় সার সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।