নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, পণ্যের মান ও প্যাকেজিং প্রক্রিয়া ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব আবু ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে মন্ত্রী জানান, চলতি অর্থবছরেই প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে এবং আসন্ন বাজেটে এ বিষয়টি গুরুত্ব পাবে।
মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে এবং মৈত্রী শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
পরিদর্শন শেষে তিনি কিছু ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।