স্টাফ রিপোর্টার :
গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত কাজের মাধ্যমে জেলার উন্নয়ন এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও এডিসি (জেনারেল) মোঃ শাহরিয়ার নাজিরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
সাংবাদিকরা জেলার উন্নয়ন, জনসেবা ও তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক বলেন, গাজীপুরের উন্নয়ন ও সুশাসনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রাণবন্ত আলোচনা শেষে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।