স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে সেখান থেকে র্যালিটি বের হয়ে রাজবাড়ীর প্রধান সড়ক, মহিলা কলেজ এলাকা, কাজী আজিমউদ্দীন কলেজ সড়ক ও বরকত স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গ বিশেষভাবে স্থান পায়। কুলা, মাথাল, মহিষের গাড়ি এবং ব্যান্ড পার্টির সুরে সাজানো শোভাযাত্রা বাঙালির লোকজ সংস্কৃতির এক জীবন্ত চিত্র তুলে ধরে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এতে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন বছরের সূচনায় সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ইতিবাচক প্রত্যাশার বার্তা ছড়িয়ে দেয় এই উৎসব।