স্টাফ রিপোর্টার :
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এরশাদ নগর জাগরণী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠানে পান্তা-ইলিশ ভোজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং স্বেচ্ছাসেবক দলনেতা শাকিল পারভেজসহ ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন বছরে উন্নয়নমুখী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আয়োজক যুবদল নেতা কামরুল ইসলাম কামু বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৈশাখী উৎসবে অংশ নিতে পারছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।