গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-০২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এম মঞ্জুরুল করিম রনি। এ সময় তিনি নির্বাচনী প্রস্তুতি, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
রনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। গাজীপুর-০২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
মনোনয়ন জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূর।
এছাড়াও মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান মিরন, ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।