নতুন বাংলা অনলাইন ডেস্ক :
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে দেশের প্রতিটি সেক্টর নিয়েই তারেক রহমানের সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সামাজিক উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। একইভাবে শরীয়তপুর জেলার উন্নয়ন নিয়েও তারেক রহমানের বিশেষ পরিকল্পনা আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে অবহেলিত জেলা হিসেবে দেখা হয়েছে, কিন্তু এই চিত্র পরিবর্তনের জন্য বিএনপি প্রস্তুত।
নুরুদ্দিন অপু আরও বলেন, শরীয়তপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তর করার রূপরেখা রয়েছে তারেক রহমানের। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি আধুনিক, উন্নত ও গর্বিত রাষ্ট্র।
সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যা তারেক রহমানের চিন্তাধারা থেকে এসেছে। এর মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের হাতে ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটি একটি উদ্ভাবনী উদ্যোগ, যা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্ট মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজ (মোস্তফা), ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের কার্যকরী সদস্য জাকির হোসেন পালোয়ান, ভেনোপা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক মাতাব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।