নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর জিয়া উদ্যানের কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। তার আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।