নতুন বাংলা অনলাইন ডেস্ক :
রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকায় র্যাবের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৪ জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাসা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, অভিযানের সময় বাসার মালিক মাহমুদুর রহমান খান সনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দিয়ে রাজধানীর মিরপুর, কাফরুল ও দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো। এছাড়া তিনি পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন, যা খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে ব্যবহৃত হতো।
র্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।