গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে এবং ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী সরকারি কলেজ গেট প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্প এলাকায় এসে শেষ হয়। এ সময় স্বল্প সময়ের জন্য যান চলাচল ধীর হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাদি হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও নৃশংস বলে উল্লেখ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মঈনুল ইসলাম ও ছাত্রনেতা মুর্তুজা হাসান ফুয়াদ।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
কর্মসূচি শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।