গাজীপুর প্রতিনিধি :
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন-১ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ) বিকেলে টঙ্গীর কাদেরিয়া মাঠে এই টুর্নামেন্টকে ঘিরে এলাকাবাসী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া।
ফাইনাল খেলায় খোরশেদ (অলিম্পিয়া একাদশ) ও সুতরাঙ্গ বাদশা একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–১ গোলে জয় পায় খোরশেদ (অলিম্পিয়া একাদশ)। চ্যাম্পিয়ন দল পায় একটি ফ্রিজ এবং রানার্সআপ দল পায় একটি এলইডি স্মার্ট টিভি।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি রাতুল আহমেদ ভূঁইয়া বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।