নিজস্ব প্রতিবেদক :
কোরআন ও সুন্নাহ প্রচারের আন্তর্জাতিক, অরাজনৈতিক ও ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা।
প্রায় একশ একর বিস্তীর্ণ জায়গাজুড়ে প্রস্তুত করা ইজতিমা ময়দানে আল্লাহ তাআলার রহমতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ আশিকে রাসুল (সা.)-এর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
ইজতিমায় অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে শত শত অস্থায়ী টয়লেট, ওযুখানা, জেলা ভিত্তিক পাকঘরসহ প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি ওয়াচ টাওয়ার, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দা’ওয়াতে ইসলামীর শিক্ষাবোর্ড ও মিডিয়া জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে আগামী শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের এই ইজতিমা সমাপ্ত হবে বলে তারা আশাবাদী।
ইজতিমা কমিটির জিম্মাদার মুহাম্মদ কামাল আত্তারী, দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।