নতুন বাংলা অনলাইন ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর অত্যন্ত স্বল্প সময়ের জন্য পথে ৩০০ ফুট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। ওই সংবর্ধনায় তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। শনিবার জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।