স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি মোট ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।
দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান দাঁড়ায় ৭৮ হাজার ৪৫৪। বিপুল ভোটের এই ব্যবধানে এম রশিদুজ্জামান মিল্লাতের বিজয় নিশ্চিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন চলাকালে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এদিকে, বিজয়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম রশিদুজ্জামান মিল্লাত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই তার শক্তি, এবং এই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।