নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির বিজয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
নির্বাচন ঘোষণার পর থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় গণসংযোগ জোরদার করেন। বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। কেন্দ্রভিত্তিক টিম গঠন, কর্মীদের সমন্বয় এবং ভোটারদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষায় তার সরব উপস্থিতি ছিল নিয়মিত।
ভোটের দিন সকালে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের
মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোটের সার্বিক পরিস্থিতি খোঁজ নেন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে উৎসাহিত করেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের মূল শক্তি।
ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
দলীয় নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার কর্তব্য।
দলীয় সূত্রের দাবি, তৃণমূল পর্যায়ের সুসংগঠিত প্রচার, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগই এ আসনে রনির বিজয় নিশ্চিত করেছে।