নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশের পথে রওনা হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান। যাত্রাকালে জাইমা রহমান উড়োজাহাজের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে লেখেন, মাতৃভূমি বাংলাদেশে ফিরছি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সপরিবারে তারেক রহমানের ফ্লাইট হিথ্রো ত্যাগ করেছে।
ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে দেশে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর সড়ক পথে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে ৩০০ ফুট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতাকর্মীদের মাঝে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।