নতুন বাংলা অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের সদ্য সমাপ্ত সেশনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
শিবিরের সংবিধান অনুযায়ী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রদত্ত ভোটের ভিত্তিতেই এ নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিগগিরই পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন। বর্তমানে সেই মনোনয়ন প্রক্রিয়া ও নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে নুরুল ইসলাম সাদ্দাম দক্ষতা ও সুনামের সঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক’ হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান থেকে ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন।
নতুন সভাপতি নির্বাচিত হওয়ার খবরে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আগামীর ছাত্র রাজনীতিতে মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সে দিকেই এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।